ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩

জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সভায় বলা হয়,ইউনিট-A-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ইউনিট-E-এর পরীক্ষা ৮ জানুয়ারি, ইউনিট-B-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, ইউনিট-C-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং ইউনিট-D-এর পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়া হবে MCQ পদ্ধতিতে।

সভায় আরও আলোচনা করা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট-A: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

ইউনিট-B: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

ইউনিট-C: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

ইউনিট-D: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

ইউনিট-E: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

ক্লাস শুরুর ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে সভায় কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটিও গঠন করা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।