ঢাকা | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩

এবার তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের সংঘর্ষের পরে এবার নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজের মোড়সংলগ্ন ডাকবাংলো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনাস্থলে পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার সূত্রপাত জানার চেষ্টা করছি। তবে এখন এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, দুপুরে কলেজসংলগ্ন এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদল, ছাত্রশিবির বা কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।