ঢাকা | শনিবার, ২০ জুন ২০২৬,৬ আষাঢ় ১৪৩৩

ইউনিভার্সিটিতে সেশনজট থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসন করা হবে। ২০২৭ খ্রিষ্টাব্দের এইচএসসির রুটিন আমরা করে ফেলেছি। এখন থেকে এইচএসসি পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তিকে সিনক্রোনাইজ করা হবে। শিক্ষার্থীদের সময় আর নষ্ট হবে না।

শুক্রবার (১৯ জুন) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, কেবল শিক্ষায় গুরুত্ব দিলেই বিশ্বের এক নম্বর জাতি হওয়া যাবে। এই জন্যই আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবো। এ দায়িত্ব আমাদের, এই দায়িত্ব তোমাদের।

ড. মিলন আরো বলেন, তোমাদের সমস্যাগুলো আমি জানতে চাই। ভিসির কাছে আমি সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছি। আমাকে জানাতে হবে। আমি সেগুলো দেখবো। যেকোনো ভবনের বয়স ৩০ বছর হয়ে গেলে তা বসবসের জন্য অযোগ্য হয়ে যায়। আমি চাই এখানের পুরোনো হলগুলো সংষ্কারের ব্যবস্থা করা হোক দ্রুত। কন্সট্রাকশনের বিষয়ে আলোচনা হয়েছে। তোমাদের যেসব ভবনের স্বল্পতা আছে তা দেখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।