ঢাকা | সোমবার, ১৫ জুন ২০২৬,১ আষাঢ় ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থী নূর নবীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৫ জুন) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নূর নবী দীর্ঘদিন ধরে হাড়ের ক্যান্সার (অস্টিওসারকোমা) রোগে ভুগছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তার একটি পা কেটে ফেলতে হলেও তিনি পড়াশোনা চালিয়ে যান। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন এবং নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে তার শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়লে দেশে ও বিদেশে চিকিৎসা নেন তিনি। তার চিকিৎসার জন্য সহপাঠী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহায়তার উদ্যোগ নেয়। শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন।

তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এক সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালো। সহপাঠীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।