জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। শিক্ষক ড. নঈম আক্তার সিদ্দিক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সৃষ্ট প্রথম শূন্য অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
গত ২১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর মঙ্গলবার (০৯ জুন) নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. নঈম আক্তার সিদ্দিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাসে শূন্য পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক। তার এ পদোন্নতিকে বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সেই সাথে একই বিভাগে সহযোগী অধ্যাপক ড. মইনুল হক অধ্যাপক হিসেবে নিয়োগ পান।
দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে আসা ড. নঈম আক্তার সিদ্দিক একাধারে শিক্ষক, গবেষক ও প্রশাসক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া, তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার্থীদের কাছে তিনি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। একাডেমিক পরামর্শ, ব্যক্তিগত সমস্যা সমাধান এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা দীর্ঘদিনের।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী আন্দোলনে তিনি সরব ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে সমাদৃত।
একাডেমিক ক্ষেত্রেও ড. নঈম আক্তার সিদ্দিকের রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য সাময়িকী ও গবেষণা জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তার গবেষণা বিশেষভাবে প্রশংসিত।
শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে ড. নঈম আক্তার সিদ্দিক সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তাঁর অধ্যাপক পদে উন্নীত হওয়া বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ড. নঈম আক্তার সিদ্দিকের অধ্যাপক পদে নিয়োগকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, তার নেতৃত্ব ও গবেষণাধর্মী কর্মকাণ্ড বিভাগের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে।







