সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আর এসব খাবারের মান নিশ্চিতে প্রতিটি স্কুলের তদারকি কমিটিতে অন্তত তিনজন মাকে অন্তর্ভুক্ত করা হবে।
গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কথা বলছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি স্কুলে নিউট্রিশাস খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে।
শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নাগরিক দায়িত্ব, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা পায়, সেজন্য পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের গার্লস গাইডেও আসতে হবে না, তারা পাঠ্যক্রম থেকেই শিখবে।
কারিকুলামে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বিষয়ও যুক্ত করার কথা বলেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীরা যেন নিজের জামাকাপড়, স্কুল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলে, সেই শিক্ষা দেওয়া হবে বলেও জানিয়েছেন ববি হাজ্জাজ।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ইয়াসমিন আহমেদ। ‘হলদে পাখি’ সম্প্রসারণে করণীয় বিষয়ে বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, গার্ল গাইডের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আঞ্চলিক, জেলা ও স্থানীয় কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তের গানের মধ্য দিয়ে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি শেষ হয়েছে।






