নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী -মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা ও নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী স্পিকার এ মনোনয়ন দিয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি নওগাঁ অঞ্চলের উচ্চশিক্ষা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এদিকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বদলগাছী ও মহাদেবপুর এবং আত্রাই ও রাণীনগর উপজেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সচেতন মহলের ধারণা, শিক্ষা উন্নয়নে আগ্রহী জনপ্রতিনিধি হিসেবে এমপি ফজলে হুদা বাবুল ও রেজাউল হক রেজু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।






