ঢাকা | সোমবার, ১৮ মে ২০২৬,৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুবি উপাচার্য নিজেই হলেন ৫ অনুষদের ডিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের ডিন নিয়োগ সংক্রান্ত পূর্বের অফিস আদেশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আইন অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না আসা পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি রহিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

তবে আইন অনুষদের ডিন নিয়োগের বিষয়ে পৃথক এক অফিস আদেশে বলা হয়, পূর্বের অফিস আদেশ রহিত হওয়ায় উপাচার্যের ওপর অর্পিত আইন অনুষদের ডিনের দায়িত্ব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের কাছে অর্পণ করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

আগামী ১৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।