বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় সাদরে বরণ করে নেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেসাফ আর রাফিসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।





