ঢাকা | শনিবার, ৯ মে ২০২৬,২৬ বৈশাখ ১৪৩৩

সরকার চাইলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি করতে পারবে

এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত সংশোধিত বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার জনস্বার্থে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে। অর্থাৎ আবেদনের বাইরেও সরকার চাইলে যেকোনো শিক্ষককে বদলি করতে পারবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে।

নীতিমালায় প্রযোজ্যতা সম্পর্কে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।

বদলির সাধারণ শর্তাবলীতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা, বিবরণ সরকার নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।

প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে। সমস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, একই বিষয়ের শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।