ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে এদিন বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ৫০০ জন জাতীয় খেলোয়াড়দের আমরা ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত ও উজ্জীবিত করে খেলোয়াড়দেরকে পেশাদারিত্বের ভেতরে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সারাদেশ থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছি। এর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা বের করব।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছি। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আমরা হাইস্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। স্পোর্টস সায়েন্স সাবজেক্টের সাথে সম্পর্কিত স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস মেডিসিনসহ আরও বিভাগ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খোলার পরিকল্পনা গ্রহণ করেছি।
উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অ্যাথলেটিক্স, ভলিবল, ফুটবল, বাস্কেটবল— সব ক্ষেত্রেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রেখেছে। আমাদের অনেক প্রাক্তন ক্রীড়াবিদ আছে, তাদের নিয়ে আমরা গর্ব অনুভব করি।
তিনি আরও বলেন, আমাদের এখানে একটি জিমনেসিয়াম আছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে ফিটনেস সেন্টার ও অডিটরিয়াম নেই। ছাত্রদের যারা বাইরে থেকে খেলতে আসবে তাদের জন্যে হোস্টেল এবং সুইমিং পুল নেই। এগুলো মাননীয় প্রতিমন্ত্রীর কাছে লিখিতভাবে জানাব।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। এর আগে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে দিনব্যাপী বাস্কেটবল, ১০০ মিটার স্প্রিন্ট, ১০০ মিটার হার্ডলস, ১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার হার্ডলস, ৪ × ১০০ মিটার রিলে দৌড়, ৪ × ৪০০ মিটার রিলে দৌড়, শটপুট, হ্যামার থ্রো, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।







