ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

ছাত্রদলের হামলায় গোড়ালি বিচ্ছিন্ন, কেটে ফেলা হতে পারে পায়ের পাতা।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষ চলকালে ছাত্রদলের হামলায় পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে এক শিবির কর্মীর। ভুক্তভোগীর নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। আশরাফুল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনলোজি চিটাগং’র (ইউসিটিসি) শিক্ষার্থী।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা গেছে, কলেজ ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন ‘গুপ্ত’। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে শিবিরের কয়েকজন নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে। এর জেরে ছাত্রশিবির বিকাল ৪ টায় নিউমার্কেট মোড় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কলেজের দিকে যায়। তখনই ছাত্রদল আরেকটা মিছিল নিয়ে কলেজের সামনে থেকে নিউমার্কেটের দিকে এগোতে থাকলে দুই দলের মধ্যে মুখোমুখি উত্তেজনা সৃষ্টি হয়৷ এক পযার্য়ে তারা সংঘর্ষে জড়ায়৷ এসময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র ছুরি, কিরিচ হাতে হামলা চালায়। তাদের হামলায় আহত হয় ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মী। হামলায় গুরুতর আহত হয়ে আশরাফুল ইসলাম নামক ছাত্রশিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়৷
ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয় তাদের ৩০ জন আহত হয়েছে।

হামলায় দেশীয় অস্ত্র হাতে অংশ নেওয়া কয়েকজনের ফুটেজ প্রতিবেদকে হাতে এসেছে৷ ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কিরিচ হাতে ওমরগনি এমইএস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মির্জা ফারুখ, হেলমেট পড়ে কিরিচ হাতে কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ। হামলায় নেতৃত্ব দিচ্ছেন হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল এবং সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি।

বর্তমানে আহত আশরাফুল চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এই ঘটনায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা সংবাদ সম্মেলন করে রাত সাড়ে ৮টায়।

এই বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মানুম বলেন,” এই ধরনের হামলা আমাদের কাছে অপ্রত্যাশিত। আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই৷ আমরা আদর্শগত রাজনীতি করি আর আমাদের আদর্শে কোন সহিংসতা নেই৷ আশরাফুলের বিষয়ে ডাক্তার বলেছে দুদিন দেখে পায়ের পাতা কেটে ফেলতে হতে পারে। কোন ধরনের আইনগত পদক্ষেপ নিবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও কোন আইনগত পদক্ষেপে যায়নি তবে অতি শিগগিরই যাবো৷

এই বিষয়ে জানতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনির সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।