ঢাকা | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,৬ শ্রাবণ ১৪৩৩

সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের নেতারা জানান, ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদারের টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার খুলে ফেলেন। এর প্রতিবাদেই ছাত্রদল মানববন্ধন করেন।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “একজন দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে আমরা আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন।

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার। তিনি বলেন, “ব্যানার ছিঁড়ে কোনো রাজনৈতিক দলকে দমিয়ে রাখা যাবে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা চাই।”