জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর ইপিজেড এলাকার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার উচ্চ গ্রামের বাসিন্দা ও সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চান মিয়া, রাশেদ মিয়া, এবং এক অজ্ঞাত নারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান ইপিজেড এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ মিয়া। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন মারা যান আরিফা খাতুন, চান মিয়া ও অজ্ঞাত নারী। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





