সারাদেশব্যাপী একটি জরিপ ও গবেষণা হওয়া এখন সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। গবেষণার বিষয় হওয়া উচিত—বয়সের ভারে নতজানু, দীর্ঘদিনের অসুস্থতায় শয্যাশায়ী কিংবা জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর প্রহর গুনতে থাকা মা-বাবারা আসলে কেমন আছেন? তাঁদের জীবনের এই কঠিন সময়ে কলিজার টুকরো সন্তানরা কতটুকু তাঁদের খোঁজখবর রাখছেন, সেবা-যত্ন করছেন এবং প্রয়োজনীয় দায়িত্ব পালন করছেন? নাকি নানা অজুহাত, ব্যস্ততা ও ছলছুতার আড়ালে নিজেদের জন্মদাতা মা-বাবার দায়িত্ব থেকে দূরে সরে থাকার চেষ্টা করছেন?
কী এক অদ্ভুত জগৎ-সংসার! যাঁদের মাধ্যমে এই সুন্দর পৃথিবীতে আমাদের আগমন, যাঁদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, ভালোবাসা ও আদর-যত্নে আজ আমরা নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছি, জীবনের শেষ অধ্যায়ে এসে সেই মা-বাবারাই অনেক সময় সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ান! যে মা রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে সন্তানকে বড় করেছেন, যে বাবা নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, তাঁদের বার্ধক্যের অসহায় মুহূর্তে সন্তানদের অনেকেরই যেন সময় হয় না একটু পাশে দাঁড়ানোর।
কত রকম অজুহাত! কেউ সংসারের ব্যস্ততার কথা বলেন, কেউ আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেন, কেউ আবার নিজের পরিবার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকার অজুহাত দেখান। অথচ প্রশ্ন হলো, যাঁদের ত্যাগ ও ভালোবাসায় আজকের এই জীবন, তাঁদের জন্য সামান্য সময়, একটু যত্ন এবং ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে এত অনীহা কেন?
এমন অসহায় মা-বাবাও আছেন, যাঁদের একাধিক সন্তান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জীবনের সায়াহ্নে এসে তাঁদের পাশে দাঁড়ানোর মতো একজন সন্তানও খুঁজে পাওয়া যায় না। সন্তানদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়ে চলে টানাপোড়েন। একজন আরেকজনের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। কেউ বলেন, ভাই দেখুক; কেউ বলেন, বোনেরও তো দায়িত্ব আছে। এভাবে দায়িত্ব এড়ানোর প্রতিযোগিতায় শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়েন মা-বাবা।
অবশ্যই ব্যতিক্রম আছে। এখনো এমন অনেক সন্তান রয়েছেন, যাঁরা শত প্রতিকূলতা, আর্থিক সংকট ও ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও মা-বাবার সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু একই সঙ্গে এটাও অস্বীকার করার উপায় নেই যে, আমাদের সমাজে মা-বাবার প্রতি দায়িত্বহীনতা ও অবহেলার নানা দৃষ্টান্ত ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিশেষ করে কিছু সন্তানের কাছে মা-বাবার চেয়ে তাঁদের রেখে যাওয়া সম্পত্তির মূল্য যেন অনেক বেশি। জীবিত অবস্থায় মা-বাবার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিতে অনীহা থাকলেও সম্পত্তির ভাগবাঁটোয়ারার সময় তাঁদের আগ্রহের কোনো কমতি থাকে না। কেউ কেউ আবার মা-বাবার জীবদ্দশাতেই সম্পদের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠেন।
এখন প্রশ্ন হচ্ছে, যে সন্তান নিজের জন্মদাতা মা-বাবার দুঃসময়ে পাশে দাঁড়াতে পারে না, তার কাছে মা-বাবার প্রত্যাশাই বা কতটুকু? আর মা-বাবার দেখভালের দায়িত্বটা আসলে কার? প্রতিবেশী, আত্মীয়স্বজন কিংবা সমাজের অন্য মানুষের ওপর কি সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া যায়? যে সন্তানদের জন্য মা-বাবা জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাঁদের শেষ বয়সের দায়িত্ব কি সেই সন্তানদেরই নয়?

বৃদ্ধাশ্রমের প্রসঙ্গ আপাতত বাদই দিলাম। কারণ, বৃদ্ধাশ্রম এখন আমাদের সমাজে পরিচিত একটি বাস্তবতা। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, অনেক ক্ষেত্রে উপযুক্ত, কর্মক্ষম ও সচ্ছল সন্তান থাকা সত্ত্বেও মা-বাবাকে জীবনের শেষ সময়টা বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? কেন একজন মা-বাবাকে নিজের সন্তানের বাড়িতে থেকেও পরবাসীর মতো জীবন কাটাতে হবে? কেন তাঁদের মনে এমন ধারণা জন্মাবে যে, সন্তান থাকা সত্ত্বেও তাঁরা একা?
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—সব বৃদ্ধাশ্রমই অবহেলার প্রতীক নয়। কিছু ক্ষেত্রে অসুস্থতা, বিশেষায়িত পরিচর্যার প্রয়োজন কিংবা পারিবারিক বাস্তবতার কারণে প্রাতিষ্ঠানিক সেবার প্রয়োজন হতে পারে। কিন্তু সন্তানদের সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও যদি কেবল দায়িত্ব এড়ানোর জন্য মা-বাবাকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে তা নিঃসন্দেহে গভীর মানবিক ও নৈতিক সংকটের পরিচয় বহন করে।
মা-বাবার সেবা শুধু আর্থিক দায়িত্ব নয়; এটি ভালোবাসা, সম্মান, সময় ও মানবিকতারও দায়িত্ব। তাঁদের প্রয়োজন শুধু দামি ওষুধ কিংবা উন্নত চিকিৎসা নয়। কখনো প্রয়োজন হয় সন্তানের একটু সময়, দুটো আন্তরিক কথা, একটু খোঁজখবর, অসুস্থ শরীরে একটু হাত বুলিয়ে দেওয়া কিংবা পাশে বসে কিছুক্ষণ গল্প করার। বৃদ্ধ বয়সে মানুষ অনেক সময় শিশুর মতো অসহায় হয়ে পড়েন। তখন তাঁদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলা, তাঁদের অনুভূতির মূল্য দেওয়া এবং আত্মসম্মান বজায় রেখে সেবা করা অত্যন্ত জরুরি।
আমাদের মনে রাখতে হবে, আজ যাঁরা বৃদ্ধ, একদিন তাঁরাও ছিলেন কর্মক্ষম, স্বপ্নবাজ ও প্রাণবন্ত মানুষ। সময়ের নিয়মে একদিন আমাদেরও বার্ধক্য আসবে। আজ আমরা আমাদের মা-বাবার সঙ্গে যেমন আচরণ করছি, আগামী প্রজন্মের কাছ থেকে তেমন আচরণ পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই সন্তানদের শুধু শিক্ষিত ও প্রতিষ্ঠিত হলেই চলবে না; তাদের মানবিক, দায়িত্বশীল ও বিবেকবান মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
এক্ষেত্রে রাষ্ট্র ও সমাজেরও কিছু দায়িত্ব রয়েছে। প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান, চিকিৎসাসেবা, আর্থিক নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং পারিবারিক পরিচর্যার বাস্তব চিত্র তুলে ধরতে দেশব্যাপী একটি নির্ভরযোগ্য গবেষণা পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে প্রবীণদের অধিকার ও সুরক্ষায় প্রচলিত আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, পারিবারিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং অসহায় প্রবীণদের জন্য কার্যকর সামাজিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কোনো মা-বাবাকে বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলায় চোখের জল ফেলতে হবে না। কোনো অসুস্থ বাবাকে চিকিৎসার অভাবে কিংবা কোনো অসহায় মাকে সন্তানের একটু ভালোবাসার অভাবে নিঃসঙ্গ জীবন কাটাতে হবে না। সম্পদের ভাগ নেওয়ার আগে সন্তানরা যেন মা-বাবার দায়িত্ব নেওয়ার কথা ভাবেন। কারণ, মা-বাবার রেখে যাওয়া সম্পত্তির চেয়েও তাঁদের জীবিত অবস্থায় পাওয়া ভালোবাসা, দোয়া ও সান্নিধ্যের মূল্য অনেক বেশি।
পরিশেষে বলতে চাই, মা-বাবা কোনো বোঝা নন, তাঁরা আমাদের অস্তিত্বের শিকড়। তাঁদের অবহেলা করা মানে নিজের শিকড়কেই অস্বীকার করা। যেসব সন্তান সামর্থ্য থাকা সত্ত্বেও মা-বাবার সেবা-যত্নে অনীহা প্রকাশ করেন, নানা অজুহাতে দায়িত্ব এড়িয়ে যান এবং তাঁদের শেষ বয়সের অসহায়ত্বকে উপেক্ষা করেন, তাঁদের প্রতি একটাই প্রশ্ন—আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আপনাদের এই আচরণে মা-বাবার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয়?
মনে রাখবেন, মা-বাবা সারাজীবন সন্তানের কাছে কিছু চান না। জীবনের শেষ প্রান্তে এসে তাঁরা শুধু একটু ভালোবাসা, নিরাপত্তা, সম্মান ও নির্ভরতার আশ্রয় চান। তাঁদের এই সামান্য চাওয়াটুকু পূরণ করতে না পারলে সন্তান হিসেবে আমাদের অর্জন, সাফল্য ও প্রতিষ্ঠার অহংকার কতটুকু অর্থবহ?
আসুন, মা-বাবা বেঁচে থাকতে তাঁদের মূল্য দিতে শিখি। মৃত্যুর পর লোকদেখানো ভালোবাসা নয়, জীবদ্দশায় তাঁদের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রকৃত মানবিকতার পরিচয়।
মো. কাওছার আলম চৌধুরী
কবি, লেখক ও স্বাধীন সাংবাদিক।





