ঢাকা | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,২ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষা পেছানোর খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে অনেক খবর ছড়ানো হচ্ছে। বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র-সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ছাত্র শিক্ষক কিংবা অভিভাবক নয়, বরং সদিচ্ছার অভাবেই শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। বিগত সরকারের মন্ত্রীসহ দায়িত্বরতদেরই দায় নিতে হবে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত করতে বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যের পর, দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, তাদের সরকার মানসম্মত শিক্ষার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাখাতের অভাব অনটন দূর করতে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবার কথা উল্লেখ করে, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন পরিবর্তন করে যুগোপযোগী করার উদ্যোগের কথাও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, কোচিং সেন্টারগুলো নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা হবে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।