বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দাপুটে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। আর এমন পারফরম্যান্সের পর মেসির প্রশংসায় মেতেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসির দুর্দান্ত ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরসের ভঙ্গিতে লুলা বলেন, ‘আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।’
ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে। সেই প্রেক্ষাপটে ব্রাজিল প্রেসিডেন্টের এমন মন্তব্য দ্রুতই আলোচনার জন্ম দিয়েছে। যদিও এটি ছিল নিছকই রসিকতা, তবুও মেসির বর্তমান পারফরম্যান্স যে প্রতিপক্ষ দেশগুলোকেও মুগ্ধ করছে, লুলার বক্তব্যে সেটিই ফুটে উঠেছে।
এদিকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে ড্র দিয়ে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। সেই প্রসঙ্গেও কথা বলেছেন লুলা। ব্রাজিলের ড্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’
এবারের বিশ্বকাপ মেসির জন্যও বিশেষ। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা তাকে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার পাশে বসিয়েছে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ডে।
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২২ জুনের সেই ম্যাচ জিতে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবেন মেসিরা।






