জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ফাঁকা আসন পূরণে নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি সম্পন্ন করা হবে। ফলে পূর্বে কোনো কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে লগইন করে অনলাইনে সম্মতি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না দিলে সংশ্লিষ্ট প্রার্থীকে আর বিবেচনায় নেওয়া হবে না। অনলাইন সম্মতি দেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ২১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কলা ও আইন অনুষদের ডিন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এবার ইউনিটভিত্তিক শূন্য আসনের তথ্য অনুযায়ী, ইউনিট-বি (কলা ও আইন অনুষদ)–এ মোট ২৮টি আসন খালি রয়েছে। এর মধ্যে মানবিক শাখায় ২২টি, বিজ্ঞান শাখায় ২টি এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৪টি আসন রয়েছে। এ ইউনিটের বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, আইএমএল, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে আসন শূন্য রয়েছে।
অন্যদিকে, ইউনিট এ তে মোট ৭১টি আসন খালি রয়েছে। এর মধ্যে গণিত বিভাগে ১৯টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২৩টি এবং মনোবিজ্ঞান বিভাগে ২৯টি আসন রয়েছে।
এছাড়া, সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)–এ মোট ১০টি আসন খালি রয়েছে। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে (বিজনেস স্টাডিজ গ্রুপ) ৮টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে (মানবিক গ্রুপ) ১টি এবং মার্কেটিং বিভাগে (বিজনেস স্টাডিজ গ্রুপ) ১টি আসন রয়েছে।
মেধাক্রম অনুযায়ী নির্ধারিত পরিসরে শিক্ষার্থীদের এ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছে। মানবিক শাখায় ১০০৮ থেকে ১২২৮ পর্যন্ত, বিজ্ঞান শাখায় ২১৬ থেকে ২৫৬ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১১১ থেকে ১৩১ পর্যন্ত মেধাক্রমধারী শিক্ষার্থীরা এ সুযোগ পাবে।








