ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি সংক্রান্ত একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া কলরেকর্ডটি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার ও একই এলাকার রিকশা প্রতীকের সমর্থক মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে মাওলানা শোয়াইব ইসলামের মধ্যকার কথোপকথন বলে জানা গেছে।
জানা যায়, রিকশা প্রতীকের সমর্থক মাওলানা শোয়াইব ইসলাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আল্লামা শাহ আকরাম আলীকে পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় আনার সিদ্ধান্ত নেন। তবে সাবেক ছাত্রদল রবি মেম্বার ওই এলাকায় ধলা হুজুরের আগমনকে নিষেধ করেন। রবি পুরাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ভাইরাল কলরেকর্ডে রবিউল ইসলামকে বলতে শোনা যায়, ‘তোর ভোট দেওয়ার দরকার হইলে, তুই হুজুরকে ভোট দে। কিন্তু হুজুরকে আনার দরকার নাই। তুই হুজুরকে আনলে আমার সমস্যা হয়।’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘তোর ধলা হুজুর কেনো, ধলা হুজুরের বাপও বনগ্রাম মোড়ে আসতে পারবে না। গাড়ি দিবানে জ্বালাইয়া।’
কলরেকর্ডটি প্রকাশ্যে আসার পর ফরিদপুর-২ আসনের ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের হুমকিমূলক বক্তব্যকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করছেন।








