কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার আগের রাতে হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমামের বাড়িতে প্রশ্নপত্র ফাঁস করে নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীদের ‘প্রশিক্ষণমূলক পরীক্ষা’ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধুই অভিযোগ নয়- সাংবাদিকরা প্রমাণ পেয়েছে ভিডিও ফুটেজ ও ছবি তুলেছে ওই দুর্নীতির চিত্রের। তবে ওই চিকিৎসক সাংবাদিকদের নিকট এঘটনার মিথ্যা বানোয়াট বলে জানিয়েছেন।
বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন। এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনকে বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের একটি সূত্র জানায়, বিষয়টি সম্পর্কে তারা জেনেছেন। এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অনুসন্ধানেও নেমেছেন তারা।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের অধীনে ৯৭ জন স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার আগে সকালে বেশ কিছু চাকরিপ্রার্থীকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের বাসা থেকে বের হতে দেখা যায়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যান। সামাজিক মাধ্যমে আরএমওর বাসা থেকে চাকরিপ্রার্থীদের বেরিয়ে আসার একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
সূত্র জানায়, কুষ্টিয়া শহরের তালিপাড়ায় আরএমও হোসেন ইমামের পৈতৃক পাঁচতলা বাড়ি। এর কাছেই রয়েছে নিউ সান নামের একটি ক্লিনিক। অভিযোগ আছে, সরকারি হাসপাতালের চিকিৎসক হোসেন ইমামই এটির মূল মালিক।
পরীক্ষার্থীদের আনা হয় অ্যাম্বুলেন্সে
একাধিক সূত্র জানায়, গতকাল ফজরের আজানের আগে ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নিউ সান ক্লিনিকে আনা হয়। খবর পেয়ে সেখানে কয়েকজন সাংবাদিক জড়ো হন। তাদের সামনেই আরও কয়েক পরীক্ষার্থী ক্লিনিকে প্রবেশ করেন। আলো ফোটার পর সাংবাদিকদের উপস্থিতি বাড়তে থাকলে পরীক্ষার্থীদের ক্লিনিকের পেছন দিয়ে বের করে কাছেই আরএমওর বাসায় নেওয়া হয়। ক্লিনিকে অন্তত ৪০ জন পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। পরে সাংবাদিকরা আরএমওর বাসার সামনে জড়ো হন। সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই বাসা থেকে ফাইল হাতে বেশ কয়েকজন যুবককে বের হতে দেখা যায়। সাংবাদিকরা কথা বলতে গেলে তারা দৌড়ে পালিয়ে যান।
এদিন সকাল ১০টায় শহরের বিভিন্ন কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরএমওর বাসা থেকে বের হওয়া যুবকরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ উঠেছে, পরীক্ষার্থীদের এভাবে এনে জড়ো করে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় এবং তারা সেগুলোর উত্তর মুখস্থ করেন। আরএমও হোসেন ইমামের বড় ভাই হাসান ইমাম নান্নু কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। সকালে বাসার সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান ইমাম নান্নু। তিনি একজন সাংবাদিককে ডেকে বিষয়টি নিয়ে নিউজ না করতে বাকিদের ম্যানেজ করার প্রস্তাব দেন।
জানতে চাইলে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাসায় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাড়া থাকেন। সেখান থেকে এসব শিক্ষার্থীকে বেরোতে দেখে অনেকে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করছেন। আমি ওই নিয়োগ পরীক্ষার ব্যাপারে কিছু জানি না।
ক্লিনিকে প্রশ্নোত্তর মুখস্থ করানো হয়
নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আসা এক পরীক্ষার্থীর আত্মীয় জানান, ডা. হোসেন ইমামের ভাই নান্নুর সঙ্গে তাদের চুক্তি হয়েছে। তাদের ক্লিনিকে পরীক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে আনা হয়। আগে থেকে সেখানে পরীক্ষার প্রশ্নপত্র আনা হয়। পরীক্ষার্থীদের কয়েকটি কক্ষের মধ্যে বসিয়ে প্রশ্ন দেওয়া হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তিন থেকে চার ঘণ্টা সময় দেওয়া হয় প্রশ্নের উত্তর মুখস্থ করার জন্য। এ জন্য প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়। তবে সাংবাদিকরা বিষয়টি টের পেয়ে যাওয়ায় ঝামেলা তৈরি হয়। একজন পরীক্ষার্থীর স্বজন জানান, তারা ১৩ লাখ টাকায় চুক্তি করেছেন। আরেক পরীক্ষার্থীর স্বজন জানান, তাদের সঙ্গে ১৬ লাখ টাকার চুক্তি হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডা. হোসেন ইমামের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তার বাসা থেকে কিছু যুবক ফাইলপত্র হাতে বের হয়ে আসছে– এমন একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। ওই যুবকরা সিভিল সার্জন অফিসের চাকরিপ্রার্থী কিনা, সেটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আরএমওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।






