নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল একটি বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে, ৯৮৮ জন ‘সম্মিলিত আইনজীবিগণ’ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে পাস হওয়া “স্বৈরতান্ত্রিক আইন প্রত্যাখ্যান” করে বিবৃতি দিয়েছে।
উক্ত বিবৃতিতে বলা হয়েছে, আমরা, বাংলাদেশের সুপ্রীম কোর্ট সহ দেশের বিভিন্ন আদালতের আইনজীবিগণ, জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া “সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬” এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই অসাংবিধানিক, কালো আইনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে।”
বিবৃতিতে নাম রয়েছে এমন একাধিক আইনজীবী জানিয়েছেন যে, তারা এ ধরণের বিবৃতি সম্পর্কে জানেননা। এছাড়াও, বিবৃতিতে জামালপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এইচ. আর. জাহিদ আনোয়ার এর নাম রয়েছে, যিনি ২৯ ডিসেম্বর ২০২৩ সালে মারা গিয়েছেন।
বাংলার চিঠি নামক একটি ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিয়ে ২৯ ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, “জামালপুরের বর্ষিয়াণ আওয়ামী লীগ নেতা, জামালপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সাবেক মহাসচিব বিশিষ্ট আইনজীবী এ এইচ আর জাহিদ আনোয়ার আর নেই। তিনি ২৯ ডিসেম্বর সকাল পৌনে ৯টায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।”
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আহসান তারিক বলেন, “আমি এমন কোনো বিবৃতি সম্পর্কে জানিনা, এটা আমার নলেজে নাই। আমি কোনো বিবৃতিতে সম্মতি দেইনি।”
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুফি মোহাম্মদ আল-মামুন জানান, “আমি এই প্রথম শুনলাম, আমি এটা সম্পর্কে কিছুই জানিনা। আমি এমন কোন বিবৃতি দেইনি।”
সূত্র: দ্য ডিসেন্ট






