২০২৫ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করা বা প্রত্যাশিত জিপিএ না পাওয়া শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তারা আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার কথা জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে প্রচার করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, বেলা ১১টায় তারা বোর্ড ভবনের সামনে চার দাবি নিয়ে অবস্থান করবেন। তবে এই আন্দোলনের মূল আয়োজক কারা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে রয়েছে।
শিক্ষার্থীদের চার দাবি: সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের বদলে পুনর্মূল্যায়ন করা। ফেল করা বিষয়ের সকল অংশের (এমসিকিউ, এসকিউ, প্র্যাকটিক্যাল) নম্বর আলাদাভাবে প্রদর্শন করা। এমসিকিউ, এসকিউ, মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা করা।
চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা ২০০৪ খ্রিষ্টাব্দে ৪৭ দশমিক ৭৪ শতাংশ পরে দ্বিতীয়বার সর্বনিম্ন পাসের হার। শুধু পাসের হার নয়, জিপিএ ফাইভসহ অন্যান্য সূচকেও হ্রাস দেখা গেছে।
সিলেট বোর্ড: পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, গতবার ৮৫ দমমিক৩৯ শতাংশ। কুমিল্লা বোর্ড: সবচেয়ে কম পাসের হার, ৪৮ দশমিক ৮৬ শতাংশ, গতবার ৭১ দশমিক ১৫ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ড: এবার পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি, ৬২ দশমিক ৬৭ শতাংশ পাস।
এবারের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা গেছে, যার প্রেক্ষিতে তারা চার দফা দাবিতে গণজমায়েতের মাধ্যমে সামাজিক সচেতনতা এবং বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।






