বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়ীক ও কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২অক্টোবর) রাজধানীর শাহবাগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই আহ্বান জানানো হয়।
ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এর প্রতি সংহতিও জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত ইসরায়েল বিরোধী মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় দলের নেতাকর্মীরা ফিলিস্তিনের পক্ষে নানান স্লোগান দেয়।
পরে শাহবাগ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, জাতিসংঘ ইসরায়েলকে কৌশলে সমর্থন দিয়ে যাচ্ছে। ওআইসি, আরব লীগ কিংবা প্রভাবশালী কোনো মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না, যা দুঃখজনক।
ফিলিস্তিন ধ্বংসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে নিন্দা জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় ছাত্র শিবির।





