ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি

গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।’

গোপালগঞ্জে দু’টি থানা পুড়িয়ে দেয়ার প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘থানা জনগণের জন্যই। জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আইন মান্যকারী নাগরিক হিসেবে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে ১০ লাখ মানুষ থাকলে থানায় পুলিশ রয়েছে মাত্র ২০ জন। জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে এবং পুলিশের প্রয়োজন নেই বলে মনে করে, তাহলে তারা যা ইচ্ছা করতে পারে।’

এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতিতে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে সেখানে যান আইজিপি আলী হোসেন ফকির।

এসময় তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

তারা শহরের সার্কিট হাউসে অবস্থান করেন। এসময় গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।