পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর, শিকলে বেঁধে রাখা এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি স্থানীয়ভাবে হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করা হয়। একই সঙ্গে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে প্রকাশ্যে গ্রাম ঘোরানো হয়।
ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৃদ্ধকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায়। সামান্য চুরির অভিযোগে একজন বয়স্ক মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও অত্যন্ত দরিদ্র। তিনি মাঝেমধ্যে না বলে মানুষের খেত বা গাছ থেকে কলা, কচু ও সুপারি নিয়ে যান। তবে এ ধরনের সামান্য ঘটনায় তার সঙ্গে এমন বর্বর ও অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এক বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে তাদের নজরে এসেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





