সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর করার দাবিতে আবারও আন্দোলনে নামছেন চাকরিপ্রত্যাশীরা। আগের কর্মসূচি স্থগিত রাখার পরও সরকার এ বিষয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন তারা। দাবি আদায়ে আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন নামের একটি সংগঠনের নেতারা এ ঘোষণা দেয়।
তারা বলেন, তারা আগে সমাবেশের কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু এ বিষয়ে সরকার টালবাহানা শুরু করেছে। তারা কোনো ভাতা বা আর্থিক সহায়তা চান না, বরং সরকারি চাকরিতে আবেদনের সুযোগ ৪০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি করছেন।
তাদের ভাষ্য, ‘আমরা ভিক্ষা চাই না, মাতৃত্বকালীন ভাতা চাই না। আমরা সরকারি চাকরিতে ন্যূনতম ৪০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ চাই।’
আন্দোলনকারীরা বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সুপারিশ আমরা মানি না।
তাদের দাবি, সংবিধানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্দিষ্ট করে দেয়া নেই। তাই বয়সের সীমা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে বয়সের বাধা দিয়ে চাকরিপ্রত্যাশীদের বঞ্চিত করা হচ্ছে। বয়সের সীমা বেঁধে দেওয়াকে শোষণের একটি কৌশল বলেও মনে করেন তারা। সরকারের কাছে কর্মসংস্থান সৃষ্টির জবাবদিহি এড়াতেই বয়সের বাধা রাখা হচ্ছে।
আন্দোলনকারীরা আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩৫ বছরের বেশি বয়সেও আবেদনের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশেও বয়সসীমা বাড়িয়ে অন্তত ৪০ বছর করা উচিত।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ ও সরকারি ব্যতীত অন্যান্য বেসরকারি প্রশেষায়িত ব্যাংক, এনজিও-প্রজেক্ট, রিসার্চ ফার্ম, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থাগুলো, কারিগরি-প্রাইভেট গড়ন্তশাসিত, অধ্যে-সরকারি, বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর বয়সসীমা উন্মুক্ত করতে হবে।
সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র দেয়া এবং চূড়ান্ত নিয়োগের জন্য (প্রিলি, লিখিত, ভাইভা) নম্বর নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতকরণ, প্রশ্নফাঁসে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শান্তি দিতে হবে।




