হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। মাহদির দাবি, দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাঁর বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদি হাসান। লাইভ চলাকালে তাঁকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় তিনি বাসায় আগুন লাগার কথা জানিয়ে আতঙ্কিত অবস্থায় পরিস্থিতি তুলে ধরেন।
পরবর্তীতে তাঁর ফেসবুক লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়। মাহদি হাসানের দাবি, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আঘাতে মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পেছনে কারা জড়িত, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, ঘটনা শোনার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। ওসির ভাষ্য অনুযায়ী, মাহদি হাসানের চাচা বলেছেন, ঘরের মিটারের বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এমনটা হতে পারে। এ ব্যাপারে মাহদি হাসানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি।
এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি।





