ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখাছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও উপ-কমিশনার (ডিবি) গাজিউর রহমান।

তিনি আরও জানান, রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর আনুমানিক সোয়া ১২টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

গত মঙ্গলবার এ মামলার আসামি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জেলার কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে শুভ কুমার মণ্ডল (২৭) এবং সাধারণ সম্পাদক নড়াইল জেলার কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে মো. নাহিদ হাসানকে (২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আটকে রাখলে পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে।

এছাড়া এ মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা রাজশাহী মহানগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে নূর মোহাম্মদ আলিফকে (২২) মহানগর ডিবি পুলিশ গত ১০ নভেম্বর বিকালে গ্রেপ্তার করে।