গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে বের হতে গিয়ে দুজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে কারখানার শ্রমিক সাদেক হোসেনের (৩৮) নাম জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত সাদেককে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার (ইউনিট-২) চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুজন আহত হন। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ঢাকার উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরের আরও ১০টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরো আটটি ইউনিট কাজে যোগ দেয়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল সাড়ে ১০টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে।






