ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র দুর্বল করা এবং বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লিতে ভোট চুরির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে ধরপাকড়ের ঘটনায় শনিবার তিনি এ অভিযোগ করেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘ভারত এখন আর গণতন্ত্র নেই। এটি একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ বিরোধী দলের সংসদ সদস্য ও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করা এবং রাজধানীজুড়ে ব্যাপক বিধিনিষেধ আরোপের অভিযোগও তোলেন তিনি।
তার দাবি, ২৫৪ জন সংসদ সদস্যকে হেনস্তা করে আটক করা হয়েছে। এ ছাড়া দিল্লির বিভিন্ন এলাকায় চলাচলে বাধা, পরিবহনব্যবস্থা ব্যাহত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেন, নির্বাচনি অনিয়মের অভিযোগে জবাবদিহির মুখোমুখি হওয়ার আশঙ্কায় ক্ষমতাসীনরা ভীত।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে যারা সহায়তা করছে, তাদেরও তীব্র সমালোচনা করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলেন কংগ্রেস নেত্রী।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া




