ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

এদিন সকালে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জনান, ‘সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।

প্রসঙ্গত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। এর আগে বিএনপি থেকে অন্তত ৫ বার বহিষ্কার করা হয় তাকে।