প্রতিদিন দেশের কোথাও না কোথাও শিশু নিখোঁজ হচ্ছে, আর তাদের একটি বড় অংশ ফিরছে নিথর দেহে। ডিজিটাল প্ল্যাটফর্ম মুন অ্যালার্টের তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই সারা দেশে ৪৬ জন শিশু নিখোঁজ হয়েছে; যাদের মধ্যে ১১ জনকে জীবিত এবং ৪ জন মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছে ৩১টি শিশু। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে অপরাধপ্রবণতা কমবে না। কিন্তু পরিবারের অভিযোগ, থানায় গেলে পুলিশ জিডি নিতে গড়িমসি করে; যা অনেক শিশুর জন্যই কাল হয়ে দাঁড়ায়।
অপ্রতিম কিংবা সুনামগঞ্জের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু কেবল কিছু বিচ্ছিন্ন সংখ্যা নয়, বরং এটি আমাদের পুরো সমাজ ব্যবস্থার একটি গভীর ও আর্তনাদময় চিত্র। ঘরের ভেতরে কিংবা বাইরে— শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছেই।
কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের নিথর দেহ কিংবা সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু—এসব কেবল বিচ্ছিন্ন কোনো অপরাধের ঘটনা নয়। এগুলো আমাদের সমাজ ব্যবস্থার এমন এক গভীর ফাটলের চিত্র তুলে ধরে, যেখানে ঘরের ভেতর কিংবা বাইরে কোথাও নিরাপদ নয় একটি শিশু।
প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিশু নিখোঁজ হচ্ছে, আর তাদের কেউ কেউ ফিরছে নিথর দেহে। এই নির্মম বাস্তবতার পেছনে লুকিয়ে আছে প্রাতিষ্ঠানিক উদাসীনতা, আইনি জটিলতা এবং সামাজিক অবক্ষয়ের এক অন্ধকার গল্প।
ডিজিটাল প্ল্যাটফর্ম মুন অ্যালার্টের তথ্য মতে, সেপ্টেম্বরের ১০ দিনে সারাদেশে ৪৬ জন শিশু হারিয়েছে যাদের মধ্যে ১১ জন জীবিত এবং ৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে , এখনও নিখোঁজ ৩১ জন। তারা বলছে, নিখোঁজ শিশু উদ্ধারের ক্ষেত্রে প্রথম তিন ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে তৎপরতা শুরু করলে শিশুকে উদ্ধার করা সহজ হয়।
নিখোঁজের পর থানায় জিডি নিতে পুলিশ অনীহা দেখায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, ভুক্তভোগী পরিবারগুলোকে আগে আত্মীয়স্বজনের বাড়ি খুঁজে আসার পরামর্শ দেয়া হয়। অনেক ক্ষেত্রে অপরাধের পরিসংখ্যান কম দেখাতে থানা-পুলিশ নিখোঁজের জিডি ও মামলা নিতে গড়িমসি করে। নিখোঁজ শিশুদের পরিবারগুলো যখন থানার দ্বারে দ্বারে ঘুরেও তাৎক্ষণিক সাড়া পায় না, তখন সেই বিলম্বই অনেক শিশুর জন্য কাল হয়ে দাঁড়ায়।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের কেবল প্রথম আট মাসেই সারা দেশে ২৫৪ শিশু খুন হয়েছে। এর মধ্যে নিখোঁজের পর মরদেহ উদ্ধার হয়েছে ৩৬ শিশুর এবং ২৪ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন বছর সাত মাসে দেশে ৭২ হাজার ৪৮৯টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নিখোঁজ হয়েছে ২২ হাজার ৫৫০ শিশু।
পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৬৮ জন এবং ১০ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৯৭০ জন শিশু এখনও উদ্ধার হয়নি।
পুলিশ জানায়, ছোট শিশুরা সাধারণত পথ ভুলে হারিয়ে গেলেও কিশোর-কিশোরীরা অভিমান, পারিবারিক কলহ বা স্বাধীন জীবনযাপনের আশায় ঘর ছাড়ে। তবে অনেক ক্ষেত্রেই এই নিখোঁজের পরিণতি অত্যন্ত ভয়াবহ রূপ নিচ্ছে।






