ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,১২ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও ওই জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহরিয়ার এই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি। তাকে অভিযান চালিয়ে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে হামলা চালিয়ে স্টুডিওটি ভাঙচুর করে বলে অভিযোগ সালমান মুক্তাদিরের। রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

সালমান পরে অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সম্ভবত ৩৫ কাঠার একটা ডিসপিউটেড ল্যান্ড। যেখানে দুই পক্ষের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এক পক্ষ নিউগিনি প্রপার্টিজের। আরেক পক্ষ হলো একজন রিটায়ার্ড সিনিয়র সামরিক অফিসার। তাদের মধ্যেই বিরোধটা চলছিল।’

‘প্রাথমিক রিপোর্ট অনুসারে, রিটায়ার্ড কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে এটা দখল করতে গিয়েছে,’ বলেন তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।