চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ।
এর আগে, শনিবার প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত লোডশেডিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পত্রে জানানো হয়েছিল, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) আওতাধীন পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্পের নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এ সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রেই যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে, সে লক্ষে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি কেন্দ্র-সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হবে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ লালমনিরহাট কুড়িগ্রাম অফিসের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত তা সমাধানে জরুরি টিম প্রস্তুত থাকবে।







