সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের অন্যায়ের বিচার না হবে, ততদিন যাত্রাবাড়ীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ থাকবে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনের সফলতার পেছনে স্থানীয় বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, আন্দোলনের সময় গুরুতর আহত হওয়ার পর যাত্রাবাড়ীর স্থানীয় মানুষের সহায়তায় নিরাপদে থাকতে পেরেছিলেন।
তিনি আরও বলেন, ১৭ জুলাইয়ের প্রতিরোধ দিবস ও পরবর্তী কর্মসূচির মাধ্যমে আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যায়। এ আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিল বলেও দাবি করেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আন্দোলনের সময় ক্যাম্পাসগুলোতে হামলা, গ্রেপ্তারসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছাত্রদলের নেতাকর্মীরা সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালিয়ে গেছেন।
সমাবেশে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







