ঢাকা | বুধবার, ১৫ জুলাই ২০২৬,৩১ আষাঢ় ১৪৩৩

আমরা শেখ হাসিনার জন্য জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চাই

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আমরা শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তার জন্য জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চাই।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবেন—এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসেন, তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন।’

তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং সোমবার আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাব।’

জাহেদ উর রহমান আরো বলেন, ‘মামলার জন্য বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি নিয়ে আসতে পারেন।’

উপদেষ্টা বলেন, ‘এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন, তার জন্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা যেন বহাল থাকে। এ রায় কার্যকরও জনগণ দেখতে চায়। আর আদালতে যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়—জাস্টিস এভাবেই হতে হয়।’