ঢাকা | বুধবার, ২৪ জুন ২০২৬,১০ আষাঢ় ১৪৩৩

নওগাঁয় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকা ৯

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ৯ ব্যক্তি দুই দেশের সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকা পড়েছেন।

আজ বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আজ ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার ২৪৪/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।

খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার পরপরই সীমান্ত এলাকায় টহল ও সতর্কতা বাড়ানো হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। শূন্যরেখায় আটকে পড়াদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) প্রক্রিয়া ও আলোচনা চলমান রয়েছে।’

এর আগে, গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে একইভাবে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কড়া নজরদারির কারণে সে সময়ও তাদের ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।