ঢাকা | সোমবার, ১৫ জুন ২০২৬,১ আষাঢ় ১৪৩৩

ডা. জাহেদ ইস্যুতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধা দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় তাকে তলব করা হয়। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে।’

এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। তারপরে সরকার ব্যবস্থা নেবে।

জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হয়ে সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফেরেন।