সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, সকালে জোতপাড়া নৌকাঘাট এলাকায় যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো জানায়, কিভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।






