ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের দিনে সড়কে মৃত্যুর মিছিল, ৮ জেলায় ঝরলো ২০ প্রাণ

ঈদের দিন ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরেছে ২০ জনের প্রাণ। এর মধ্যে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, দিনাজপুর ও পটুয়াখালীতে দুজন করে এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা কাঁচ। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও। ঈদের দিন ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের দুজন এবং মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়।

দিনাজপুরে বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ায় যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন নারী ও শিশুসহ চারজন। পরে হাসপাতালে নেয়া হলে দুই শিশুর মৃত্যু হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীতে দুজন এবং ময়মনসিংহে আরও একজন নিহত হয়েছেন।