ঢাকা | মঙ্গলবার, ১২ মে ২০২৬,২৯ বৈশাখ ১৪৩৩

তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

টাসম্যাক বা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের পরিচালিত দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। গত মাসের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়া শাসক দল তামিলগা ভেট্রি কাজাগামের নেতা ও সুপারস্টার অভিনেতা বিজয় ১০ মে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নির্দেশ দিলেন।

জনসাধারণের কল্যাণের কথা মাথায় রেখে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার আদেশ জারি করেছেন। প্রতিবেদনে বলা হয়।

সরকার জানিয়েছে, ‘টাসম্যাক বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে, যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।’

রাজ্যের রাজস্বের একটি বড় অংশ টাসম্যাকের মদের বিক্রি থেকে আসলেও, এই বন্ধের আদেশটি দলমত নির্বিশেষে সকলের সমর্থন পেয়েছে বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে মোট রাজস্ব ছিল ৪৮,০০০ কোটি টাকারও বেশি।

এটি বিজয়ের ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।

এপ্রিলের নির্বাচনের আগে টাসম্যাকের দোকানগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ছিল। গত বছর, কর্পোরেশন এবং এর সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে রাজ্যজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছিল।