মহান স্বাধীনতা দিবসের আবেগঘন প্রভাতে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব, ঈশ্বরদী উপজেলা শাখা। রক্তে রাঙানো এই দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণে নত হয়ে আসে উপস্থিত সবার হৃদয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক অর্থদৃষ্টির ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা শাখার সহ-সভাপতি মো. তুহিন হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল পিয়াস, প্রচার সম্পাদক ওমর ফারুক সানি, সহ-প্রচার সম্পাদক সাইদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মমিন উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাদিরা হক হেনা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিঠন ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। নীরবতার সেই ক্ষণগুলোতে যেন ভেসে ওঠে ১৯৭১-এর রক্তাক্ত দিনগুলোর স্মৃতি—অগণিত শহীদের আত্মত্যাগ, মায়ের কান্না, স্বজন হারানোর বেদনা। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
এ সময় বক্তারা বলেন, শহীদদের এই ত্যাগ কোনোদিন বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ও চেতনা বুকে ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।






