ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

ধুনটে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আয়মান আলী (৪)। সে ফুটবল খেলায় মেতেছিল আনন্দে। খেলতে খেলতে তার ফুটবলটি বাড়ির পাশে পুকুরে পড়ে। পুকুর থেকে ফুটবলটি উঠানোর চেষ্টাকালে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান আলী একই এলাকার সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তিন দিন আগে মা আলেয়া খাতুনের সঙ্গে মবুয়াখালী গ্রামে নানা অহেদ আলীর বাড়িতে বেড়াতে আসে আয়মান আলী। বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে ফুটবল খেলতে যায়। খোলার এক পর্যায়ে ফুটবলটি গড়ে গিয়ে পুকুরের পানিতে পড়ে। তখন পুকুর থেকে ফুটবল উঠানোর সময় পানিতে ডুবে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর বাড়ির পুকুরের পানিতে তার নিথর দেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে ঈদের আনন্দ মিশে ছিল, সেখানে এখন শোক আর আহাজারি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়মান আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।