ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের আগ্রাসনের শুরুর দিকে চালানো ওই হামলায় ১৭৫ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল মেয়ে শিশু। ইরানের দক্ষিণের হরমুজগান প্রদেশের মিনাব এলাকায় অবস্থিত স্কুলটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী হামলার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে উভয় দেশই এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। ঘটনাটি নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন সামনে এসেছে। এবার তদন্তে নামল জাতিসংঘ।
মঙ্গলবার (১৭ মার্চ) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইরানে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অন্যতম সদস্য ম্যাক্স ডু প্লেসিস বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে হতাহতের সংখ্যার পক্ষে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।’
ঘটনাটি নিয়ে তদন্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তারা জানিয়েছে, মিনাবে মেয়েদের একটি স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র দায়ী। নতুন স্যাটেলাইট ছবি, ভিডিও ও সামাজিক মাধ্যমে পোস্ট করা তথ্য অনুযায়ী, এই হামলা সম্ভবত নিকটবর্তী একটি নৌবাহিনী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো বৃহত্তর অভিযানের অংশ ছিল।
হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। গত সোমবার (১৬ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই সংঘাতে টমাহক ক্ষেপণাস্ত্র কেবল যুক্তরাষ্ট্রই ব্যবহার করে এবং এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
অ্যামনেস্টি আরও বলেছে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। সংস্থাটির গবেষণা, নীতি ও প্রচারণা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গেভারা-রোসাস বলেন, যদি যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তুটিকে স্কুল হিসেবে শনাক্ত করতে ব্যর্থ হয়, তবে তা হামলার পরিকল্পনায় গুরুতর অবহেলার ইঙ্গিত দেয়।
এদিকে মার্কিন কর্তৃপক্ষও ঘটনাটি নিয়ে নিজস্ব তদন্ত আরও জোরদার করেছে বলে জানা গেছে। পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ বাড়ছে।






