ঢাকা | রবিবার, ৩ মে ২০২৬,২০ বৈশাখ ১৪৩৩

জুড়ীতে ৫০ মসজিদের ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের প্রায় ৫০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আনোদ আল মোল্লা ট্রাস্ট।

সোমবার (১৬ মার্চ) সকাল ফুলতলা ইউনিয়ন হলরুমের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও এতিম কয়েকজন মাদ্রাসা ছাত্রকে নগদ অর্থ, পাঞ্জাবি, গামছা ও টুপি উপহার প্রদান করা হয়।

জানা গেছে, আনোদ আল মোল্লা ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব ফয়জুর রহমান শামীমের অর্থায়নে এই ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল সদস্যরা প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ তুলে দেন।

উপহার পেয়ে ফুলতলা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী বলেন, “ইমাম ও মুয়াজ্জিনদের দিকে সাধারণত কেউ তেমন দৃষ্টি দেয় না। আনোদ আল মোল্লা ট্রাস্ট আমাদের সম্মানিত করেছে। মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”

আনোদ আল মোল্লা ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক কামরান খাঁন এবং সমাজসেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজসেবক ও ফুলতলা বাজারের ব্যবসায়ী আমির হোসেন।

ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, ইউপি সদস্য আব্দুল গফুর সেলিম, জালাল আহমদ, ফুলতলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী, সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার মুরব্বিয়ান এবং বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ।