ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ১২ দিন  চাহিদা মত তেল পাবে বাসগুলো

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন মহাসড়কের তেলের পাম্পগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ (শনিবার, ১৪ মার্চ) রাজধানীর সড়কে যানচলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের তিনি একথা জানান। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে। এ বিষয়গুলোও তদারকি করা হচ্ছে।’ অতিরিক্ত ভাড়া আদায় বা তেলের সংকটের অজুহাতে অগ্রিম টিকিট ফেরত দেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি জানান, তেলের কারণে অগ্রিম টিকিট ফেরত দেয়ার একটি চেষ্টা হয়েছিল, তবে সরকারের কঠোর অবস্থানের কারণে তা বাস্তবায়িত হয়নি এবং অগ্রিম টিকিট বহাল রয়েছে।

সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মহাসড়কে যেসব স্থানে নির্মাণকাজ চলছিল, সেসব জায়গা থেকে নির্মাণসামগ্রী সরিয়ে ফেলা হয়েছে এবং অন্তত একটি লেন সচল রাখার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও জানান, সারা দেশে যানজটপ্রবণ ২৬০টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ, বিআরটিএ, পরিবহন-সংশ্লিষ্ট সংস্থা, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য হলো যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। ঘণ্টার পর ঘণ্টা যেন কেউ সড়কে আটকে না থাকেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরাইল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে।

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল।

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।

গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি।