চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়ায় নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) যোহরের নামাজের পর শিলাইগড়া এলাকার হযরত আবু বকর ছিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো টানা ৪৯ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ২৫টি সাইকেল পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ নুরুল হুদা মনসুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জাহের চৌধুরী, মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন, আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ হাফিজ উদ্দিন।
বক্তারা বলেন, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ তরুণদের সঠিক পথে চলতে উৎসাহিত করবে।






