ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

শেরপুরের ঐতিহাসিক নিদর্শন শাহী বারোদুয়ারী জামে মসজিদ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী শাহী বারোদুয়ারী জামে মসজিদ। স্থাপত্যের অনন্য শৈল্পিক সৌন্দর্য আর ধর্মীয় আবেগের মেলবন্ধনে শতবর্ষ প্রাচীন এই মসজিদটি আজও ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রাচীনকালে গড়জরিপা ছিল শেরপুরের রাজধানী।


স্থানীয় ইতিহাস বলছে, ইংরেজ শাসনের আগেই নির্মিত হয়েছিল এই মসজিদ। নামের রহস্য লুকিয়ে আছে এর বারোটি দরজায়। পূর্বে ৯টি, দক্ষিণে ২টি এবং উত্তরে ১টি। মসজিদের পাশে রয়েছে বিস্তৃত এক ‘পুকুর’ যা মসজিদটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। জনশ্রুতি আছে, একসময় ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। পরবর্তীতে ১৯৬০ সালে জামালপুরের মাওলানা আজিজুল হক স্বপ্নে মসজিদটির অবস্থান জানতে পারেন। এরপর প্রায় ১০ ফুট মাটি খননের পর বেরিয়ে আসে মসজিদটির দেয়াল। ১৯৬৩ সালে মসজিদটির পুনর্র্নিমাণের মাধ্যমে আবারও ফিরে আসে ইতিহাসের এই অমূল্য নিদর্শন।


মূল মসজিদটি একতলাবিশিষ্ট হলেও বর্তমানে আধুনিক স্থাপত্যকলায় পাঁচতলার নির্মাণকাজ চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন অপরূপ নকশা ও কারুকার্য খচিত মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে। শুক্রবার নামে মানুষের ঢল। কেউ আসেন মানত পূরণের জন্য, কেউবা রোগমুক্তির আশায়। শুধু নামাজ নয়, এখানে মানুষের বিশ্বাস, আশা আর কৃতজ্ঞতার সমবেত প্রকাশ ঘটে। এখানে এক সঙ্গে প্রায় ৪-৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।


মুসল্লি আকিফ আদনান বলেন, অনেক দূর থেকে এসেছি শুধু এই মসজিদ দেখতে আর নামাজ আদায় করতে। ঐতিহাসিক জায়গায় নামাজ পড়তে পেরে খুবই ভালো লাগছে। আরেক মুসল্লি আবরার আহমদ বলেন, এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়।


মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম জানান, মসজিদটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। বর্তমানে সংস্কার ও উন্নয়নের কাজ চলছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর গৌরব ও ঐতিহ্য অনুভব করতে পারে।


মসজিদটির খেদমতের জন্য রয়েছেন একজন খতিব, একজন স্থানীয় ইমাম, একজন মুয়াজ্জিন ও একজন খাদেম।
শাহী বারোদুয়ারী মসজিদ কেবল একটি স্থাপনা নয়, এটি একটি ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি মানুষকে একত্রিত করছে প্রার্থনার ছায়াতলে, জাগিয়ে তুলছে ঐতিহ্যের আবেগ আর আধ্যাত্মিকতার মেলবন্ধন।