গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘের্ষে নিলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নিলু মুন্সী মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর পক্ষের নূর ইসলামকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।






