ঢাকা | বুধবার, ২২ জুলাই ২০২৬,৭ শ্রাবণ ১৪৩৩

সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাতে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।’
 
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদে এরইমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।

সংবিধান অনুযায়ী, নির্বাচন হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে। বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে সেটি দেখা গেছে। দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি। কারণ, একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ওই বছরের ২৯ জানুয়ারি। এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হবে না।